পাইকগাছায় চিংড়িতে জেলি পুশ, ৩ ব্যবসায়ীকে জরিমানা


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন /
পাইকগাছায় চিংড়িতে জেলি পুশ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ভোক্তার জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ি বিক্রির অভিযোগে পাইকগাছায় তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা প্রায় ১০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন’ বাস্তবায়নে আমুরকাটা এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ এবং তা ক্রয়-বিক্রয়ের অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা আনুমানিক ১০ কেজি জেলি ও অপদ্রব্যযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত, এএসআই মেহেদীসহ সঙ্গীয় ফোর্স।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়ির গুণগত মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অপদ্রব্য পুশের বিরুদ্ধে মৎস্য বিভাগের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।