দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন /
দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার দেবহাটা- সখিপুর মেইন রাস্তা সংলগ্ন সখিপুর কামটা গ্রামে রাতের আঁধারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় চোরের দল বসতঘরের চিলের কোটার চালের অ্যালবেস্টার ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে চলে গেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের কোন এক সময় ওই এলাকার বাসিন্দা মৃত নিমাই চন্দ্র মন্ডলের ছেলে অরবিন্দু মন্ডলের বাড়িতে।

 ভুক্তভোগী বাড়ির মালিক অরবিন্দু মন্ডল জানান, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আমার মা সন্ধ্যা রানী মন্ডল (৮০) এবং স্ত্রী নির্মলা রানী মন্ডল কে ডাকলে তারা অস্বাভাবিক আচরণ করে এবং আমি দেখতে পাই মায়ের হাতের ও কানের স্বর্ণালংকা নেই। তখন আমি সব ঘরে লক্ষ্য করলে দেখি সবকিছু উলটপালট করা। পরে আমি পাশের বাড়ি থেকে বৌমাকে ডাক দেই। তারপরও কোন কিছু বুঝতে না পেরে মা এবং স্ত্রীর চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তার সত্যপদ মজুমদার কে খবর দেই। তিনি এসে তাদেরকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে আমি হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ভর্তি করে আমি বাড়িতে আসি এবং সবদিকে খোঁজখবর নিয়ে দেখতে পাই আমার সিঁড়ি ঘরের অ্যালবেস্টারে নাট খোলা ও ভাঙ্গা।
এসময় আমার ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ড্রয়ার ভেঙে চোর চক্রটি ঘর থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ।
​ঘটনার পর থেকে এলাকা জুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাতের বেলা চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং নাইট পেট্রোলিং জোরদার করার দাবি জানিয়েছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ দুইজন সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল এবং বিষয়টি নিয়ে দেবহাটা থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।