সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ, তদন্তের দাবি


নিউজ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন /
সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ, তদন্তের দাবি

বর্তমান সাতক্ষীরা ডেস্ক  : সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় শূন্য পদের তথ্য দেওয়ার ক্ষেত্রে তথ্য গোপনের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক।
অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগসংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা জেলা জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলাটির নম্বর ৬৫১/২১। তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য সালমা পারভীন মামলাটি দায়ের করেন।
অভিযোগে আরও বলা হয়, ওই সময় ম্যানেজিং কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য তৎকালীন সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেন। একই সময়ে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকারও আদালতে মামলা করেন বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন এবং একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, নিয়োগসংক্রান্ত মামলা বিচারাধীন থাকার বিষয়টি জানা সত্ত্বেও বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী এনটিআরসিএ ও বদলি ব্যবস্থাপনায় শূন্য পদের চাহিদা দিয়েছেন। এতে মামলার তথ্য যথাযথভাবে উল্লেখ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তাদের আরও অভিযোগ, শূন্য পদের তথ্য দেওয়ার ক্ষেত্রে মামলার বিষয়টি গোপন করা হয়ে থাকলে তা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নথিপত্র যাচাই ও তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরীর বলেন, গত ৪ মাস আগে আমরা এনটিআরসিএ ও বদলি ব্যবস্থাপনায় শূন্য পদের চাহিদা দিয়েছি। মামলা চলমান আছে কিন্তু সরকার চাহিদা চাইলে তো আমাদের দিতে হবে। কর্তৃপক্ষ যদি আমার কাছে মামলার বিষয়ে শোনা বোঝা করে আমি আমি মামলার বিষয়ে বলবো।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।