সাতক্ষীরার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন /
সাতক্ষীরার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১১ জন এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ৫ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ২৭ জন শিক্ষার্থী রয়েছেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ.এইচ.এম ডা. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. শেখ আকছেদুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুঈদ, সিনিয়র শিক্ষক আহছান কবির টুটুল, মো. হাবিবুল্লাহ, অবকাশ চন্দ্র খাঁ, ইডা সংস্থার পরিচালক মো. আক্তার হোসেন, এসডিএফ-এর পরিচালক মো. আশরাফুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. সালাউদ্দিন, সাংবাদিক মো. নাসিম, মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কৃতি শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে এ.এইচ.এম ডা. মো. মনিরুজ্জামান বলেন, “আমরা যখন পড়ালেখা করেছি, তখন এ ধরনের সংবর্ধনার ব্যবস্থা ছিল না। তোমাদের অনুপ্রেরণা জোগাতেই আমরা এ আয়োজন করেছি। তোমরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় অন্যান্য বক্তারা কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।