রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজারটি কারেন্ট জাল ও ১০টি চায়না জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মোল্লাহাট বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
অভিযানে প্রায় ১ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাসান আলী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, মৎস্য অফিসের কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনের আওতায় ২ জন এবং মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ৫ জনসহ মোট ৭ জনকে ২৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে জব্দ করা কারেন্ট জাল ও চায়না জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :