
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদী, গয়সা খাল ও পোদা নদী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার দাবিতে দায়ের করা দেওয়ানি মামলায় ওই তিন জলাশয়ের বিষয়ে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, লতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু মুসা সরদার বাদী হয়ে জলাশয় তিনটি আজীবন উন্মুক্ত রাখার লক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে খুলনা জেলা প্রশাসককে বিবাদী করে পাইকগাছা সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৫৯/২৬।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল ২০২৬ তারিখে বাদীপক্ষ আদালতের কাছে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন জানান। এর প্রেক্ষিতে আদালত বিবাদী পক্ষকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। পরবর্তীতে নোটিশ ইস্যু ও জারি করা হলেও বিবাদী পক্ষ থেকে আদালতে কোনো আপত্তি দাখিল করা হয়নি।
আইনি প্রক্রিয়া শেষে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে আদালত বেতাঙ্গী নদী, গয়সা খাল ও পোদা নদীর বর্তমান অবস্থার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে মামলাটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট তিনটি জলাশয়ের পূর্বের ও বর্তমান অবস্থা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আবু মুসা সরদার বলেন, “স্থানীয় সাধারণ মানুষের অবাধ ব্যবহার ও তাদের স্বার্থ সুরক্ষার জন্যই জলাশয় তিনটি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।”
এদিকে, আদালতের এই আদেশের সুনির্দিষ্ট পরিধি, এর ফলে সংশ্লিষ্ট জলাশয়গুলোতে ঠিক কোন কোন কার্যক্রমে বিধিনিষেধ বা কড়াকড়ি আরোপ হয়েছে এবং আদেশ বাস্তবায়নে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে—তা আদালতের পূর্ণাঙ্গ রায় ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্যের পর আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :