সাতক্ষীরায় ‘গ্রামীণ জীবন’ নামে আমদানি করা ভেজাল সন্দেহে ৮০০লিটার নারিকেল তেল জব্দ


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন / ০
সাতক্ষীরায় ‘গ্রামীণ জীবন’ নামে আমদানি করা ভেজাল সন্দেহে ৮০০লিটার নারিকেল তেল জব্দ

অনলাইনে প্রডাক্ট বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘গ্রামীণ জীবন’ নামে আমদানি করা ভেজাল সন্দেহে বিপুল পরিমাণ নারিকেল তেল জব্দ করেছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২১ অক্টোবর) বিকেলে পাটকেলঘাটা পুরাতন থানার সামনের পাকা রাস্তার ওপর ভেজাল সন্দেহে ১৬টি ড্রামে প্রায় ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। একই সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই ভ্যানচালককে আটক করা হয়েছে।

​পুলিশ ও ডিএসবি সূত্রে জানা যায়, ঘটনার সময় দুটি ভ্যানে করে মোট ১৬টি প্লাস্টিকের ড্রামে করে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ হলে সাতক্ষীরা ডিএসবি’র তালা ও পাটকেলঘাটা থানা জোনের ওয়াচার কনস্টেবল মোঃ হাবিবুর রহমান ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা অসঙ্গতিপূর্ণ ও ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করলে সন্দেহ আরও গভীর হয়। ​পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবগত করা হয়। ওসির নির্দেশে পুলিশ ও ডিএসবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮০০ লিটার তেল বহনকারী ড্রামগুলো জব্দ করে এবং দুই ভ্যানচালককে আটক করে থানায় নিয়ে আসে। ​আটককৃত ভ্যানচালকরা হলেন, সাতক্ষীরা সদর থানার পুরাতন সাতক্ষীরা এলাকার দেলদার সানার ছেলে নুর ইসলাম (৪২) এবং একই থানার ধুলিহর সানা পাড়ার মোঃ মোসলেম আলীর ছেলে মোঃ ইউনুস আলী (৪৮)।

​প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত তেল ঢাকার কল্যাণপুরের ‘জে আর জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামক প্রতিষ্ঠান থেকে (মেমো নম্বর-২১৭, তারিখ: ২০/১০/২০২৬ ইং) চালানের মাধ্যমে ‘গ্রামীণ জীবন, সাতক্ষীরা সদর’ (মোবাইল: ০১৮৯২১৪৫৩৬৯) এর নামে আমদানি করা হয়েছিল।

​বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিএসবি) সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত তেলের গুণগত মান পরীক্ষা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ সংক্রান্ত অন্যান্য তথ্য উদঘাটনে এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।