মোল্লাহাটে নববধূর মৃ*ত্যু নাকি আ-ত্ম-হ-ত্যা, তদন্তে পুলিশ


News Desk (s) প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন /
মোল্লাহাটে নববধূর মৃ*ত্যু নাকি আ-ত্ম-হ-ত্যা, তদন্তে পুলিশ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক নববধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লতিফা (১৮) উপজেলার কুলিয়া ইউনিয়নের উত্তরকুলিয়া গ্রামের শের আলী শেখের মেয়ে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টাকিয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লতিফাকে গুরুতর অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে রানা মোল্লার সঙ্গে লতিফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো বলে তাদের অভিযোগ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, নিহতের শাশুড়ি জানান, তিনি ঘরের দরজা ভেঙে লতিফাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।