মোল্লাহাটে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃ-ত্যু


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন /
মোল্লাহাটে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃ-ত্যু
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (৮) ও জান্নাত আক্তার (১১) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাড়িয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া দাড়িয়াতলা গ্রামের মোস্তাক শেখের মেয়ে এবং জান্নাত একই গ্রামের মোস্তাইন শেখের মেয়ে। তারা আপন চাচাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি বিলে শাপলা তুলতে যায় জান্নাত ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিলের পানিতে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন।
পরে তাদের দ্রুত চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।